মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মাসব্যাপী কর্মযজ্ঞের মধ্য দিয়ে আয়োজিত আবৃত্তি উৎসবের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। প্রায় এক মাসব্যাপী বাছাই পর্ব এবং শুক্রবার ও শনিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দুই দিনব্যাপী মূল আবৃত্তি উৎসবের মাধ্যমে এই আয়োজন শেষ হচ্ছে আজ।

শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৪৬টি বিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাতশ শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রায় চারশ শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে ফাইনালে বিজয়ী হয়েছে ৫৪ জন শিক্ষার্থী।
আয়োজক দেবাশীষ দেব জানান, বিজয়ী ৫৪ জন হলেও চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, গত এক মাস ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্কুলে স্কুলে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। যারা বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে তাদের ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়। সেখান থেকে বিভিন্ন বিভাগে ৫৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, এই আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন শ্রীমঙ্গলজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তির প্রতি আগ্রহ তৈরি করেছে।
আবৃত্তি উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের কবি, সাহিত্যিক ও লেখকরা। পাশাপাশি আবৃত্তির প্রশিক্ষকরাও এতে যুক্ত ছিলেন।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এত বড় পরিসরে আবৃত্তি উৎসব আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটির আয়োজন করে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব কমিটি। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন এবং আর্থিক সহায়তা দিয়েছে প্রাঙ্গণ গ্রুপ শ্রীমঙ্গল।