ডিএনডি খাল খনন ও গার্ডওয়াল স্থাপনে ৯০০ কোটি টাকা বরাদ্দ

শনিবার, এপ্রিল ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বুড়িগঙ্গা নদীর সঙ্গে জিয়া সরণি খালকে যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এ প্রকল্পের কাজ করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার ও দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দিনের ভোট রাতের মাধ্যমে আসেনি।

জিয়া স্মরণি খাল ও সড়ক শুধু জিয়া নামটি হওয়ায় বিগত সরকার ১৯ বছরে খালটি পুনঃখননসহ উদ্ধারের কোনো ব্যবস্থা করেনি এবং জিয়া সরণি সড়কের কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এতে এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে । কার কী নাম সেসব আমরা দেখতে চাই না, আমাদের মূলমন্ত্র হলো দেশের উন্নয়ন করা।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু দখল ও দূষণের কারণে এসব খালগুলো নাব্যতা হারাচ্ছে, যা নগরীর জলাবদ্ধতা সমস্যাকে আরও তীব্র করছে। তাই ঢাকাকে জলাবদ্ধ মুক্ত রাখতে, পানি প্রবাহ সচল করতে খালটিতে ৩০০ কোটি টাকার বাজেট দেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া শ্যামপুর খাল খনন ও বাঁধের জন্য ৯০০ কোটি টাকা বাজেট দেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত খালটি পরিষ্কার, দখলমুক্ত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ।