মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈশাখী উৎসব–১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে তিনদিনব্যাপী শিশু–কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ শিশু উদ্যানে আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ তিনদিনব্যাপী এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় মেয়েদের চুল বেণী সাজা প্রতিযোগিতা, সকাল ১১টা ৩০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একইদিন দুপুর ২টা ৩০ মিনিটে কবিতা আবৃত্তি ও ছড়া গান, বিকেল ৩টায় দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৫ এপ্রিল (বুধবার) দুপুর ২টায় রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত এবং বিকেল ৩টায় লোক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টায় একক অভিনয়, দুপুর ২টা ৩০ মিনিটে শাস্ত্রীয় নৃত্য এবং বিকেল ৩টায় সাধারণ নৃত্য ও লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাগুলো ক, খ ও গ—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
জাসাস শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বৈশাখী উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতাগুলোর আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।