শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মোট ১০ আসামি আটক

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

 

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার প্রতিনিধি।। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অভিযোগে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১০ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল রাত ১২টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশিরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মো. রুবেল মিয়া (৩৫) কে আটক করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের মনু মিয়ার ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ হাজার ৭০০ টাকা। এছাড়া একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়।

অন্যদিকে ১৮ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডের ১০ নম্বর চত্বরে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় মো. ফরহাদ হোসেন (৩০) ও আওলাদ ই রাসুল সৌরভ (৩৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার ১০০ টাকা।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, ছিনতাইকারীসহ নিয়মিত মামলার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “মাদক ও অপরাধ দমনে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।