রাজ্জাক গ্রুপকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজ্জাক গ্রুপের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মোঃ গোলাম ফারুক।

আজ ৭ মে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ০৫ মে ২০২৬ ইং তারিখে জাতীয় প্রেসক্লাবে “স্বপ্ন ট্যুর”-এর মালিক মোঃ মাসুদুর রশীদসহ কয়েকটি ট্রাভেল এজেন্সি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজ্জাক গ্রুপ এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম (বাবলু)-এর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

এক লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, আইনজীবীর মাধ্যমে সংগৃহীত ট্রেড লাইসেন্সের কপি অনুযায়ী “টিকেট কিংডম” নামীয় প্রতিষ্ঠানের মালিক মোঃ উমায়ের করিম ইফতি। অথচ উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে রাজ্জাক গ্রুপ বা এর চেয়ারম্যানের কোনো ধরনের ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক নেই।

রাজ্জাক গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত টিকেট কিংডমের দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এর মালিকের। এরপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্জাক গ্রুপের সুনাম ক্ষুণ্ন, মানহানি এবং ব্যবসায়িক ক্ষতির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি সাংবাদিক ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জানানো হয়, এ বিষয়ে পূর্বেও ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম বাবলুর সাথে অভিযোগকারীদের কোনো আর্থিক লেনদেন না থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলে দাবি করা হয়। এ ঘটনায় মানহানির মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।