নিজস্ব প্রতিবেদক: প্রচলিত সম্পর্কের বাইরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততা বাড়াতে ৪ জুন তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ৪ থেকে ৬ জুন বাংলাদেশ সফর করবেন তিনি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে।
বাংলাদেশ সফরকালে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করতে পারেন।
বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।
উল্লেখ্য, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।