নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফরে আগামী রোববার (৭ জুন) মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।
বুধবার (৩ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিন দিনের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে আরও জানা গেছে।
উল্লেখ্য, সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।