দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু মুন্সিগঞ্জে

রবিবার, জুন ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেন ব্যবস্থায় আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন।

রোববার (২১ জুন) সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। নতুন এই ব্যবস্থায় কারাগারের ভেতরে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) করা হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, ক্যাশলেস কারা ব্যবস্থাপনায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। একইসঙ্গে RFID ব্যবস্থার মাধ্যমে বন্দি ওয়ার্ডে বন্দিদের গণনা নিশ্চিত করা হচ্ছে।

এ ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজন কর্তৃক প্রদান করা অর্থ ভার্চুয়াল পদ্ধতিতে বন্দির হিসাবে জমা হবে। পরে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ওই অর্থ ব্যবহার করতে পারবেন বন্দিরা।

কারা অধিদপ্তর আরও জানায়, নতুন এ ব্যবস্থার ফলে কারাগারে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন হচ্ছে না। এতে বন্দিদের অবস্থান সহজে নিশ্চিত করার পাশাপাশি লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়ন সম্ভব হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এ কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে।