নিজস্ব প্রতিবেদক: জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সদরদফতরে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
অতিরিক্ত আইজি মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, পেশাদারিত্বের সাঙ্গে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। অভিযান চালানোর ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়।
দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন মেট্রোপলিটন ও রেঞ্জ এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সভায় মে, ২০২৬-এর সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।