জাতির সংবাদ ডটকম।।
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ পথসভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সংঘটিত হামলার ঘটনায় এবি পার্টি গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, যদি রাজনৈতিক কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়ে থাকে, তবে তা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি বাংলাদেশের সংবিধান স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর নগ্ন আঘাত।
নেতৃদ্বয় বলেন, দেশে যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিও নিরাপদ না থাকে, যদি ভিন্নমতের কণ্ঠকে ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টা চলতে থাকে, তবে তা রাষ্ট্র ও গণতন্ত্র,উভয়ের জন্যই অশনিসংকেত।
রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তি দিয়ে মোকাবিলা করতে না পেরে হামলা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া গণতান্ত্রিক রাজনীতির দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার সমানভাবে নিশ্চিত করা। কোনো পক্ষের প্রতি পক্ষপাত বা নিষ্ক্রিয়তা সহিংসতাকে উৎসাহিত করে এবং জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন করে। তাই এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যে কোন ধরনের হামলার বিরুদ্ধে গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণতন্ত্রকে শক্তিশালী করার একমাত্র পথ হলো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করা,সন্ত্রাস ও সহিংসতার নয়।
এবি পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, ভিন্নমত দমনে হামলা ও সন্ত্রাসের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে গণতান্ত্রিক পরিসর আরও সংকুচিত হবে, যার দায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।