মৌলভীবাজার প্রতিনিধি:
বিনা কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার অবসরপ্রাপ্ত এক কর্মচারী তার গ্র্যাচুইটির বকেয়া অর্থ থেকে বঞ্চিত রয়েছেন। পৌরসভা কর্তৃপক্ষের কাছে বার বার ধরনা দিয়েও কোন সারা না পেয়ে তিনি স্মরনাপন্ন হন গন্যমাধ্যম কর্মীদের। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার বিকলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আসেন শ্রীমঙ্গল পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু ইউসুফ। তিনি জানান, ১৯৯২ সালের ৭ আগস্ট শ্রীমঙ্গল পৌরসভায় পাম্পচালক হিসেবে যোগদান করেন এবং প্রহেলা জানুয়ারি ২০১৮ সালে অবসরে যান। অবসর যাওয়ার পর নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটির জন্য আবেদন করেন।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ছয় বছর পর ২২ আগস্ট ২০২৪ সালে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী তাঁর প্রাপ্য গ্র্যাচুইটি ও পেনশন তিন ধাপে পরিশোধের কথা ছিল। এর মধ্যে প্রথম ধাপের অর্থ ১৪ নভেম্বর ২০২৪ সালে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক, শ্রীমঙ্গল শাখার চেকের মাধ্যমে প্রদান করা হলেও বাকি অর্থ এখনও পরিশোধ করা হয়নি।
আবু ইউসুফের অভিযোগ, চলতি বছরের ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভায় গিয়ে অবশিষ্ট গ্র্যাচুইটির বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত হিসাবরক্ষক নেপাল কৃষ্ণ দত্ত কোনো লিখিত ব্যাখ্যা ছাড়াই মৌখিকভাবে জানান, তাঁকে আর কোনো গ্র্যাচুইটি দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবারের একজন সদস্য দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। ফলে গ্র্যাচুইটির বকেয়া অর্থ না পাওয়ায় পরিবার নিয়ে তিনি চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি খোঁজ নেব। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”