নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

রবিবার, আগস্ট ২, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি।। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দ্রুত আয়োজন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

রোববার দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বালিশিরা ভ্যালীর অন্তর্ভুক্ত ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা। সভায় বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি শ্রীধনি কুর্মি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় চা বাগানগুলোতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, চলতি মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় নির্বাচন আদায়ের দাবিতে চা শ্রমিকরা কঠোর আন্দোলন-সংগ্রামের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আদালতে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।