১৭ বছরের ফ্যাসিবাদের আমলে আমাদের শিল্প সংস্কৃতি ও গণতন্ত্র ধবংস হয়েছে — বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম।। 

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে আমাদের শিল্প সংস্কৃতি ও গণতন্ত্র ধবংস হয়েছে। বারবার হোঁচট খাওয়ার কারণে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি।
শিল্প সংস্কৃতি ছেড়ে যুব সমাজ বর্তমানে মাদকের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে মাদক থেকে মুক্ত করতে হলে সংস্কৃতির শক্তিতে এগিয়ে নিয়ে যাবে। অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেই কাজটিই করে যাচ্ছে।

অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।
আজ শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

তিনি আরো বলেন, এক সময় আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী যুগ ছিলো কিন্তু আজকে সেসব সোনালী ইতিহাস অতীত হয়ে গেছে। যারা পাগলের মতো সংস্কৃতিকে ভালোবাসবে তারাই সংস্কৃতিকে এগিয়ে নিতে পারবে। কিন্তু আজকে সেই প্রজন্ম হারিয়ে গেছে। তরুণরা জেগে উঠলেই দেশ ও সংস্কৃতি রক্ষা পাবে। দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব তরুণদের। ভালো কাজ করতে না পারলে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না, সেজন্য অপেক্ষা করতে হবে।ভিনদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে না। জনগণ ভালোবাসে বলেই বিএনপিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। আর তারেক রহমানও ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে।

আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনেছে, পরবর্তীতে বাকশালি শাসন ব্যবস্থার পর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, এরপর দেশনেত্রী আবারও দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করে। যোগ্য বাবা মায়ের যোগ্য ছেলে দেশ চালাচ্ছে। সকল সমস্যার সমাধান হবে। অতএব,ধৈর্য ধরে সময় দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।

সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে দশ বিশিষ্টজনকে অনুরাগ সম্মাননা প্রদান করা হয়।
এর আগে উত্তরীয় পরিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরণ করিয়ে নেওয়া হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদিয়মান ও তারকাশিল্পীরা।