জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। ক্ষমতার জোর দেখিয়ে নয়, জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি রাজনীতি করে।

আজ রাজধানীর নয়াপল্টনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলকে গণতান্ত্রিক পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনে এখন কোনো বাধা নেই।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের লং মার্চ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ত। পক্ষান্তরে তারেক রহমানের সরকারের সময় বিরোধী দলের ঢাকা থেকে রংপুরগামী লং মার্চ নির্বিঘ্নে টাঙ্গাইল ও বগুড়া হয়ে রংপুরে পৌঁছেছে এবং পথে অনেক সভা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। বিরোধী দল কর্মসূচি করছে, তাতে আপত্তি নেই। গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলার সুযোগ রয়েছে। তবে নতুন নেতৃত্বে আসা নেতাদের কেউ কেউ হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন।

বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিরোধী দল তো আজকের বিরোধী দল, আগামীতে সরকারও হতে পারে। তাহলে সরকার হলে কিভাবে চালাবে?’ এ সময় বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় তাদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা জানতে চান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকারের সৃষ্ট নয়; এর পেছনে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে মিল-কলকারখানা চালানো এবং বাসাবাড়িতে রান্নার চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। এ সংকট মোকাবিলায় সরকার বাজেটের চেয়ে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো কাছের দেশ থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কারিগরি ত্রুটির কারণে একটি টার্মিনালে সমস্যা হয়েছিল, সেটি ঠিক করা হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে এবং বিদ্যুৎ সংকটও ধীরে ধীরে কমছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিএনপিকে এক দফার হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না। বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে রাজপথের ইট, কাঠ, ধূলা ও বালুর দীর্ঘ সম্পর্ক রয়েছে।

তারেক রহমান জোর করে ক্ষমতায় আসেননি উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে এবং দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৬-১৭ বছর ধরে জনগণ সুসংগঠিত ও প্রস্তুত ছিল এবং জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার পতন সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ।

সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ হাজার কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে ‘ধান, নদী, খাল এই তিনে বরিশাল’ হাজার বছরের এই ঐতিহ্য ফিরে আসছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি অবলম্বনহীন বা খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। ‘বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি।’ জনগণের সেই খুঁটি এত শক্ত যে হিমালয়ের শক্তি দিয়ে আঘাত করলেও তা টলানো যাবে না।