সংসদ সদস্যের উপস্থিতিতে অভিযোগ, রাতেই চৌমুহনার ময়লা পরিষ্কার

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

 

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকায় প্রতিদিন রাতে দীর্ঘ সময় ধরে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে আইনশৃঙ্খলা সভায় দৃষ্টি আকর্ষণ করার পর রাতেই তা পরিষ্কারে উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ সদস্যে মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় শ্রীমঙ্গল চৌমুহনার ময়লা-আবর্জনার বিষয়টি তুলে ধরেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন। তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এরপর বিষয়টি সরেজমিনে দেখতে মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল চৌমুহনায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মোহাম্মদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় চৌমুহনার যে স্থানে নিয়মিত ময়লা জমা করা হয়, সেখানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন তারা। পরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

পরে রাতেই শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিআইও প্লাবন পাল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রীমঙ্গলের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয়রা বলছেন, শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও ব্যস্ততম এলাকা চৌমুহনায় ময়লা-আবর্জনা জমে থাকায় পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তি হচ্ছিল। রাতেই তা পরিষ্কার করায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও নির্ধারিত স্থানে ময়লা ফেলার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।