শ্রীমঙ্গলে ১০ স্কুলের ৮৫ ছাত্রীকে নিয়ে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতন করতে কর্মশালা করেছে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল।
উপজেলার ১০টি উচ্চবিদ্যালয়ের ৮৫ জন ছাত্রী এতে অংশ নেয়।
‘Adolescent and Adult Health: An Awareness Workshop’ শীর্ষক কর্মশালাটি গতকাল শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নারীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা, স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং প্রয়োজনের সময় সঠিক পরামর্শ নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মনোবিজ্ঞানী আরমিন বেগম এবং শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকশানা ওয়াহিদ রাহী।
আয়োজকেরা বলেন, কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সময় সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া গুরুত্বপূর্ণ। এ সময়ে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি হলে কিশোরীরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারবে।
তাঁরা বলেন, কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক নানা প্রশ্ন ও সমস্যার বিষয়ে সঠিক ধারণা দেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার অভ্যাস গড়ে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ জীবনযাপনে সহায়তা করবে।
ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের ২০২৬-২৭ বর্ষের সভাপতি ইন্দিরা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি শামসুন্নাহার খান বৃষ্টি।
অনুষ্ঠানে বক্তব্য দেন মো. কামাল উদ্দিন ও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি রিতা দত্ত, রহিমা বেগম, আরতী বালা পাল ও দিল আফরোজ বেগম। এ ছাড়া ক্লাবের সেক্রেটারি রোখসানা খানম, কোষাধ্যক্ষ তানিয়া রায়, আইএসও সোমা দেব চৌধুরী ও সম্পাদক (এডিটর) রুবানা হলি উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক ছাত্রীকে সনদপত্র, কলম ও নোটবুক দেওয়া হয়।