জাতির সংবাদ ডটকম।।
প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার নিশ্চিত করা, চিকিৎসায় অবহেলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিধান সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), পাবলিক হেলথ ল ইয়ার্স নেটওয়ার্ক, সিটিজেন নেটওয়ার্ক-সিনেট। আজ ১১ অক্টোবর ২০২৬, বিকাল ৩টায় সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) “স্বাস্থ্য সুরক্ষা আইন: নাগরিক প্রত্যাশা” শীর্ষক একটি অনলাইন ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইনে নাগরিকদের প্রত্যাশা, রোগীর অধিকার সংরক্ষণ, চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে জবাবদিহি এবং সরকারি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন। প্রতিটি রোগীর মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, রোগের অবস্থা ও চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার অধিকার, চিকিৎসার ক্ষেত্রে সম্মতি প্রদান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মানজনক আচরণ পাওয়ার বিষয়গুলো আইনে অন্তর্ভুক্ত থাকা জরুরি।
চিকিৎসায় অবহেলা ও অনিয়মের ক্ষেত্রে কার্যকর জবাবদিহি নিশ্চিত করা আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এ জন্য চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা, দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা রোগীর অধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত, মূল্যায়ন ও নিষ্পত্তির জন্য স্বচ্ছ, স্বাধীন ও সহজলভ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। অভিযোগের ধরন ও প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত রোগী বা পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসার অনাকাঙ্ক্ষিত ফলাফল, অনিবার্য জটিলতা এবং প্রকৃত চিকিৎসা অবহেলার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য উপযুক্ত ও নিরপেক্ষ মূল্যায়নব্যবস্থা থাকা প্রয়োজন।
বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রায়ই অতিরিক্ত রোগীর চাপ, জনবলসংকট, সীমিত অবকাঠামো এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। দায়িত্ব পালনকালে তাঁদের শারীরিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ কারণে স্বাস্থ্য সুরক্ষা আইনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অধিকার, দায়িত্ব এবং সুরক্ষার পরিধি সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বাস্তবতা বিবেচনায় নিয়ে পৃথক সুরক্ষামূলক বিধান রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বক্তারা বলেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিধান যেন চিকিৎসায় অবহেলা, অনিয়ম কিংবা রোগীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে। একইভাবে রোগীর অধিকার রক্ষার নামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, অযৌক্তিক হয়রানি বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টির ঝুঁকি মোকাবিলায় ন্যায়সংগত ও যথাযথ আইনি প্রক্রিয়া থাকা প্রয়োজন।
ডা. মোহাম্মদ মুশতাক হোসেন বলেন, মানুষের বাড়ির কাছেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার মৌলিক সংস্কার নিশ্চিত করা না গেলে রোগীর অধিকার সুরক্ষিত করা সম্ভব হবে না। অ্যাডভোকেট মমতাজ মৌ স্বাস্থ্য আইনে প্যালিয়েটিভ কেয়ার (প্রশমনমূলক সেবা) অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সালমা মাহবুব প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফরিদা আখতার ‘ওয়ান হেলথ’ (One Health) পদ্ধতির আলোকে সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি কৃষি মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে, অ্যাডভোকেট শাহনেওয়াজ পাটোয়ারী স্বাস্থ্য আইনে মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার নিশাত মাহবুব বলেন, বাংলাদেশের সংবিধানের আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাস্থ্যকে জীবনের অধিকারের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তাই স্বাস্থ্য অধিকারকে রাষ্ট্রীয় নীতি ও কার্যক্রমে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা যায়।
বক্তারা বলেন, রোগী ও স্বাস্থ্যসেবাদানকারী—উভয় পক্ষের অধিকার, দায়িত্ব ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা সম্ভব। এ লক্ষ্যে আইনে রোগীর অধিকার সনদ, চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির নিরপেক্ষ ব্যবস্থা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সরকারি হাসপাতালের সক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনায় সুরক্ষামূলক বিধান এবং স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ ও জবাবদিহির কার্যকর কাঠামো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মুশতাক হোসেন, স্বাস্থ্য আন্দোলনের আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্কের সদস্য সচিব ব্যারিস্টার নিশাত মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মমতাজ মৌ, বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব, ডা. আমিনুল হাসান, ডা: মাহবুব মুনতানবী, নাটাবের প্রকল্প পরিচালক ফিরোজ আহমেদ এবং অ্যাডভোকেট শাহনেওয়াজ পাটোয়ারীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কামরুনন্নিছা মুন্না, সিনিয়র পলিসি এনালিষ্ট, সিএলপিএ এবং সভাপতিত্ব করেন, একে এম মাকসুদ, সভাপতি