আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে (১৩ অক্টোবর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার পরিদর্শক শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় আগুন লাগার পর কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা বাস্তবভাবে তুলে ধরা হয়। পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
জাতির সংবাদ/শা