ডেনমার্কে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

 

বিকুল চক্রবর্তী :

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিশ্ববাংলা নর্ডিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, প্রবাসে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দেরও অংশগ্রহণ রয়েছে।

উৎসবে প্রতিদিনই থাকছে পূজা-অর্চনা, আরতি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের পরিবেশনায় থাকছে গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকা। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছোট নাটিকা ‘মহিষাসুর বধ’।

উৎসব উদযাপন কমিটির সদস্য সামি দাস বলেন, “আমরা যথাযথ ধর্মীয় নিয়ম মেনে দেবী দুর্গার পূজা করছি। বিশেষ করে কলকাতার বেলুড় মঠের রীতি অনুসরণ করে পূজার সময় নির্ধারণ করা হচ্ছে। পূজার প্রতিটি আচার যেন সঠিকভাবে পালন করা যায়, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের ধর্মীয় আচার, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে চাই। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বন্ধন দৃঢ় করারও উপলক্ষ। এ আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, যাতে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।”

সামি দাস আরও বলেন, প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজনে প্রবাসী বাঙালিরা নিজেদের প্রতিভা তুলে ধরছেন। সীমা দাসের অভিনয় ও পরিচালনায় ‘মহিষাসুর বধ’ নাটিকার মধ্য দিয়ে পৌরাণিক কাহিনি ও বাঙালির ঐতিহ্য নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আয়োজকদের আশা, এ উৎসব প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে। পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিতিও বাড়বে।