বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব-এর শুভ ১৯১তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশন, শ্রীমঙ্গল-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী।
—
বুধবার সকাল ১১ টায় এ কর্মসূচীর উদ্বোধন করবেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মোহাম্মদ আনিসুর রহমান।

শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে দিনব্যাপী কর্মসূচীতে গাইনী, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়েবেটিস বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞসহ ৭ জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা মূল্যে চিকিৎসা পত্র ও ঔষধ প্রদান করা হয়।
শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক প্রণয় কান্তি ধর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক প্রমুখ।
পরে সাতটি বুথে গাইনি বিশেষজ্ঞ নিবাস চন্দ্র পাল ও দীপাঞ্জলী পাল, শিশু বিশেষজ্ঞ প্রদীপ লাল বণিক ও বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ পুষ্পিতা খাস্তগীর চিকিৎসাসেবা প্রদান করেন। পরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচায্য জানান, দিনব্যাপী প্রায় ৭শত মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। পাশাপাশি প্রায় সাড়ে তিশত মানুষকে বিনামুল্যে ডায়বেটিস পরীক্ষা করে দেয়া হয়। একই সাথে শ্রীমঙ্গল ফারিয়ার উদ্যোগে বিতরণ করা হয়েছে বিনামুল্যে ঔষধ।
শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নিবাস চন্দ্র পাল বলেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে আমরা এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। সকাল থেকে প্রায় সাড়ে ৭ থেকে ৮শত রোগী নিবন্ধন করে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। পাশাপাশি সান ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এ ছাড়াও বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে আরো বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানমালার।