স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান করলেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্হানীয় সরকার নির্বাচন হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে, জানিয়েছেন স্হানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,এমপি। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচন প্রথমে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্হানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। ধাপে ধাপে পৌরসভাসহ সব স্হানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার জানান তিনি।

আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে, স্হানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন এর প্রশাসক হিসেবে যোগদান করলেন ছয় সিটি করপোরেশন এর প্রশাসকরা। এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে, জনগণের সেবা নিশ্চিত তারাই ভালোভাবে করবে, সেজন্য প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।

এ সময় স্হানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম,এমপি বলেন, জনগনের সাথে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশন এ ভালো কাজ করতে পারবে। তাই অকার্যকর স্হানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশন এ রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।

মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদূর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার ছয় প্রশাসকের । জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে বলে মনে করেন নতুন প্রশাসকরা।