ক্রীড়া প্রতিবেদক: পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। তার পদত্যাগের পর থেকেই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এবার সেই দায়িত্ব পেলেন আরেক পরিচালক আসিফ আকবর।
এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আসিফকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়।
বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার।
যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট।