নিজস্ব প্রতিবেদক:: বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,বন্ধ থাকা পাটকল ও চিনিকলগুলো দ্রুত খুলে দিয়ে সেখানে পুরনো শ্রমিকদের বহাল ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কর্মসংস্থান তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতিমিধ্যেই কাজ শুরু করেছে।
তবে এসব শিল্প-প্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা ঠিক কীভাবে যুক্ত হবেন বা মালিকানার অংশীদারিত্ব কেমন হবে, সে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
২০২৪ সালের জুন মাসের সরকারি তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বন্ধ ও রুগণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন ৩৮২টি এবং বিসিআইসি, বিএসএফআইসি ও বিএসইসির অধীনে আরও ১৫টি কারখানা রয়েছে। গত দুই বছরে এই সংখ্যা আরও বাড়লেও বর্তমানে হালনাগাদ কোনো সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।