ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

রবিবার, মার্চ ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ জোর দেন। তিনি উদ্ধার তৎপরতা ও প্রাথমিক আশ্রয়ের জন্য শহরের সব খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি খসড়া পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হচ্ছে। এই সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হতে পারে।