আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নুর আলম (৪৬) নামে এক ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যার চেষ্টা চালায়।
এসময় সন্ত্রাসীরা তার ভাইয়ের একটি হোন্ডা ছিনতাই করে নিয়ে যায়।ঘটনাটি বুধবার রাত ১১টার দিকে আলাইয়ারপুর আশ্বাদ ব্যাপারী বাড়ির মসজিদের সামনে ঘটেছে।
ভুক্তভোগী নুর আলম বলেন, তার ছেলে অসুস্থ হওয়ায় পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের রাহুল ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার সময় এলাকার ত্রাস রুবেল ও রায়হান দলবল নিয়ে উৎপেতে থাকা অবস্থায় এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ ভয়ে সে আশ্বাদ ব্যাপারী বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ডান হাতের বাহুতে গুলি করে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।তার অবস্থা আশঙ্কাজনক।উল্লেখ্য, গত ১৫ দিনে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে ৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ অঞ্চলে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখলবাজি, অস্ত্রবাজি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। গুলি ও বোমার আওয়াজে মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিবা-রাত্রি কয়েকটি বাহিনীর অস্ত্রের মহড়ায় আতঙ্কে দিনাতিপাত করছে। বর্তমানে বেগমগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি আশঙ্কা দেখা দিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলার পর অনেকেই গুলির শব্দের মত আওয়াজ শুনেছে। সন্ত্রাসীরা তাকে মারধর করেছে তবে আঘাতের স্থান গুলির কিনা তা ডাক্তাররা ভালো করে নিশ্চিত করতে পারবে। আগামী ৩ দিনের মধ্যে সন্ত্রাসী রুবেল ও রায়হানকে ধরার জন্য পুলিশ জোর অভিযান চালাবে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। এখনো অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।