নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) পরিসংখ্যান বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা যে গবেষণার কাজই করিনা কেনো, পরিসংখ্যানের ব্যবহার এবং অ্যানালাইসিস ছাড়া তা সম্ভব নয়। অ্যাকাডেমিক ক্ষেত্রে গবেষণার যে কাজগুলো আমরা করি তাতে অ্যানালাইসিসের অংশগুলো পরিসংখ্যানের মাধ্যমেই করতে হয়। তাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছো তাদের অভিনন্দন। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরাই আমাদের মূল চালিকাশক্তি, তাই শিক্ষার্থীদের কল্যাণে আমাদের নিবেদিত থাকতে হবে। তোমরা যেখানেই থাকবে নোবিপ্রবির মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। এ সময় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে অ্যাকাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।