সরিয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬


জাতির সংবাদ ডটকম।।

‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।



‎ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রোববার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে প্রথম এই তথ্য প্রকাশ করেন। পরে সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।


‎দ্য ডিসেন্টকে ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, রোববার দিনের বেলায় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাকে জানানো হয় যে, চিফ প্রসিকিউটর পদে নতুন নিয়োগ দিতে সরকারের উচ্চপর্যায়ে আগ্রহ রয়েছে। বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হলেও কোনো লিখিত সিদ্ধান্ত তখন জানানো হয়নি।

‎সূত্রটি আরও জানায়, এ বিষয়ে সোমবার সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপন জারি হলে তাজুল ইসলামের বর্তমান দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের পথ খুলবে।

‎এ প্রসঙ্গে অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

‎অন্যদিকে, তার পরিবর্তে যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে, সেই অ্যাডভোকেট আমিনুল ইসলাম পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর পক্ষে দুর্নীতির মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে সম্ভাব্য এই নিয়োগ রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।


‎উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রতিষ্ঠান হওয়ায় এর চিফ প্রসিকিউটর পরিবর্তনের সিদ্ধান্ত আইন ও রাজনীতির অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।