নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) সব কটি পদে জয় পেয়েছে।
এতে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়ে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং ৪ হাজার ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছে। তবে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেলে) কোনো পদে বিজয়ী হতে পারেননি।
শুক্রবার (১ মে) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহসাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক)।
সদস্য পদে বিজয়ী—এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।
এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট গ্রহণ হয়। এতে ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট প্রদান করেন। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেলে) প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে একাধিক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখালেও ‘অনুমতি’ না মেলায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।