শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি মামলা, জিআর ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) এবং সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করা হয়।
গ্রেফতার গহুর বুনার্জী জুড়ী উপজেলার এলবিন টিলা এলাকার মৃত সুব্রত বুনার্জীর ছেলে এবং সাগর বুনার্জী রাজকি চা বাগান এলাকার মৃত গোবিন্দ বুনার্জীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে চুরি মামলায় দুইজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার এক আসামিসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।