বড় বিনিয়োগের পরিকল্পনা, বাংলাদেশে আলফামার্টের লক্ষ্য ৫ হাজার আউটলেট

মঙ্গলবার, মে ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিনিয়োগ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে বিশেষ করে খুচরা বিক্রয়, কৃষি এবং জ্বালানি খাতে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পাশাপাশি বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের নতুন উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।

এরই অংশ হিসেবে সোমবার বিডা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ সহযোগিতার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে ইন্দোনেশিয়া আগ্রহী। তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার কথাও তুলে ধরেন।

এই আস্থার অন্যতম উদাহরণ ইন্দোনেশিয়ার বড় খুচরা বিক্রয় চেইন আলফামার্টের বাংলাদেশে প্রবেশ। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে। দীর্ঘমেয়াদে আগামী ৫ থেকে ১০ বছরে পাঁচ হাজারের বেশি আউটলেটে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

বৈঠকে কৃষি ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্ভাবনাও গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

এদিকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকার তুলে ধরেন। বিশেষ করে সরকারি অব্যবহৃত সম্পদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ব্যবহারের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে বলে তিনি জানান।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই বিনিয়োগ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে।