জাতির সংবাদ ডটকম :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ উঠেছে ফিরোজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে তিনি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর কো-চেয়ারম্যান পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় মিরপুর এলাকায় শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ফিরোজুল ইসলামের বিরুদ্ধে। তবে ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বিএনপি ঘরানার পরিচয়ে উপস্থাপন শুরু করেন বলে দাবি স্থানীয়দের।
এছাড়া বিভিন্ন সময়ে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইয়ের বন্ধু এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুহিত এর পিএস মামুনের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে টোয়াবে কো-চেয়ারম্যান পদ বাগিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত প্রায় ১৭ বছর ধরে রাজধানীর রাজাবাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে নানা ধরনের চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের কর্মকাণ্ড চালিয়ে আসছেন ফিরোজুল ইসলাম।
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন বিএনপি নেতার নাম ভাঙিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার ও সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে টোয়াবের কো-চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে বিভিন্ন বিদেশি হাসপাতাল ও মেডিকেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকেও আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ফিরোজুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।