সাইফুল ইসলাম ।।
জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের নাম জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন মো. মামুন। সোমবার এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মামুন জানান, সাভারের মজিদপুর এলাকায় তার ভাই শামসুল হক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শামসুল হক মোল্লা মারা গেলে তার সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন।
মামুনের অভিযোগ, মৃত শামসুল হক মোল্লার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সম্পত্তি ও পারিবারিক বিরোধের সূত্র ধরে তাকে সাংবাদিক নির্যাতনের মামলায় আসামি করা হয়েছে। অথচ ঘটনার মূল আসামিদের সঙ্গে তার কোনো পরিচয় বা সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, ঘটনার স্থান তার বাসা থেকে প্রায় এক কিলোমিটারেরও বেশি দূরে এবং মামলায় উল্লেখিত অন্য আসামিদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
মামুন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করার পাশাপাশি তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।