সিআইআরডিএপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপন

সোমবার, জুলাই ৬, ২০২৬

সাইফুল ইসলাম ।। 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন বিষয়ক আন্তঃসরকারি সংস্থা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিআইআরডিএপি) আজ (৬ জুলাই) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২য় বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস (WRDD) উপলক্ষে রাজধানীর টপখানা রোডে অবস্থিত সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (CICC) বর্ণাঢ্য অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করেছে।

এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সহনশীল গ্রামীণ উন্নয়নের প্রতি সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সিআইআরডিএপি গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ
‘Integrated Rural Development Models: 100 Best Practices & Innovations from Asia Pacific and Beyond’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন।
‘Unstoppable Spirits: The Rise of Rural Women in Asia and the Pacific’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন।
CIRDAP-REEDS International Rural Innovation Challenge 2026-এর বিজয়ীদের নাম ঘোষণা।

বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে স্বাক্ষর অভিযান।
সংস্থাটি জানিয়েছে, প্রকাশিত দুটি গ্রন্থে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সফল গ্রামীণ উন্নয়ন মডেল, উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রামীণ নারীদের অনুপ্রেরণাদায়ক সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ উন্নয়নে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে CIRDAP-REEDS International Rural Innovation Challenge 2026-এর বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, সিআইআরডিএপি ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি, স্বায়ত্তশাসিত ও আঞ্চলিক সংস্থা। বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ সংস্থাটির সদস্য। গ্রামীণ উন্নয়ন, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করাই সংস্থাটির প্রধান লক্ষ্য।