কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ

বুধবার, জুলাই ৮, ২০২৬


সাইফুল ইসলাম।। 

‎শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত ‘কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ে বিজয়ী ১০০ জনের নাম ঘোষণা করেন নতুন কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান।

‎আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শাখা পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে জাতীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলার প্রায় ৪৯০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৬ লাখ ২০ হাজার ১৫৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। শাখা পর্যায়ের বাছাই শেষে ১৪১টি কেন্দ্রে প্রায় ১,৮৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করে।

‎সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন খান বলেন, “কিশোরকণ্ঠের স্লোগান—‘কিশোরকণ্ঠ পড়বে, জীবনটাকে গড়বে।’ শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই ২০১২ সাল থেকে জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

‎নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম বলেন, দেশের শিশু-কিশোরদের মেধা বিকাশ এবং সুন্দর বাংলাদেশ গঠনে কিশোরকণ্ঠ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য নানা সৃজনশীল আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

‎সংবাদ সম্মেলনে নতুন কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক খন্দকার নূর হোসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎আয়োজকরা জানান, জাতীয় ও শাখা পর্যায়ে মোট ৩৬ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি। এছাড়া জাতীয় পর্যায়ের ১০০ জন বিজয়ীকে ক্রেস্ট, সনদ ও মূল্যবান বই প্রদান করা হবে।

পুরস্কার বিতরণের তারিখ ও স্থান পরে কিশোরকণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।