নিজস্ব প্রতিবেদক:
‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা এবং তা সমাধানের উপায়’ শীর্ষক মানববন্ধনে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান সম্ভব।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ইসলামী সমাজের আমীর বলেন, মানুষের তৈরি বিভিন্ন আইন-বিধান ও সংবিধানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কারণে মানুষের জীবনে নানা সংকট তৈরি হয়েছে বলে তারা মনে করেন। তার দাবি, সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যার সমাধান ছাড়া অন্যান্য সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি বলেন, কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী মানুষের জীবনের সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে দাওয়াত ও তাবলিগ চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে ধৈর্য, নীতি ও নৈতিকতার ওপর অটল থাকার আহ্বান জানান তিনি।
ইসলামী সমাজের পক্ষ থেকে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশব্যাপী গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন এলাকায় সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় অঞ্চল-১-এর দায়িত্বশীল মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা এবং ঢাকা বিভাগীয় অঞ্চল-২-এর দায়িত্বশীল মো. ইয়াছিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।