জাতির সংবাদ ডটকম।।
হবিগঞ্জ-সিলেট রুটের এক্সপ্রেস বিরতিহীন বাসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানোর দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ মানুষ,চা শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক এলাকা। অথচ হবিগঞ্জ-সিলেট রুটের এক্সপ্রেস বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে যাত্রী ওঠানোর সুযোগ না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
তারা বলেন, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটের সঙ্গে নিয়মিত যাতায়াতের জন্য উন্নত গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হবিগঞ্জ-সিলেট রুটের এক্সপ্রেস বিরতিহীন বাসগুলোতে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা শ্রীমঙ্গলের মানুষের দীর্ঘদিনের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি। এ দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।