জাতির সংবাদ ডটকম।।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরজেইউর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনা অত্যন্ত নৃশংস, ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজকেই শঙ্কিত করে না, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্নের জন্ম দেয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে চলাচলের সময় কোনো সাংবাদিক যেন সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না গেলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
বিআরজেইউ নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে বিচারের আওতার বাইরে থাকতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। পরিবারের উপার্জন, ভবিষ্যৎ ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁরা নিহতের পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তাঁরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিটি হত্যা ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।